মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্রের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি। বৃহস্পতিবার লেবাননের আল মানার টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন।
মোহসেন রেজায়ির বক্তব্যের পর ব্যারন ট্রাম্পকে ঘিরে ছড়িয়ে পড়া হত্যার ষড়যন্ত্রের খবর নিয়ে তৈরি উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আইআরআইবির ৩ নম্বর চ্যানেলে প্রায় তিন মিনিটের একটি ভিডিও প্রচারিত হয়। ভিডিওটির শিরোনাম ছিল, ‘ব্যারন ট্রাম্পকে কোথায় এবং কীভাবে হত্যা করা উচিত?’
আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত ওই মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পের ওপর কড়া নজরদারি রাখা হয়েছে। এতে ওয়াশিংটনে তার বাসস্থান, বিশ্ববিদ্যালয়, প্রতিদিনের যাতায়াতের পথ এবং মার্কিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ভিডিওটিতে আরও দাবি করা হয়, ব্যারন ট্রাম্পকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এই অর্থের পুরস্কার কে বা কোন সংস্থা ঘোষণা করেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, তারা বিষয়টি সম্পর্কে অবগত। যেকোনো ধরনের প্রচ্ছন্ন হুমকিকে তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলেও জানানো হয়।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে বিশেষজ্ঞদের মতে, প্রচারিত ভিডিওটি তথ্যভিত্তিক নয়; বরং ট্রাম্প ও তার পরিবারের ওপর মানসিক চাপ তৈরির উদ্দেশ্যে ইরানি মিডিয়ার প্রচারিত একটি প্রোপাগান্ডা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, এর প্রায় এক মাস আগে ব্যারন ট্রাম্পের মা ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়েও একই ধরনের একটি হুমকির ভিডিও প্রচার করেছিল আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি। ব্যারনকে লক্ষ্য করে প্রকাশিত নতুন ভিডিওটিকেও একই নেটওয়ার্কের প্রচারকৌশলের অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
