অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডের চুক্তিতে সম্মত হয়েছে চেলসি; লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার অপেক্ষায় আর্জেন্টাইন গোলকিপার
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে চেলসি। ৭৫ লাখ পাউন্ড বা প্রায় ১২৫ কোটি ৫৫ লাখ টাকা দলবদল ফিতে তাঁকে কিনতে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি। এখন চেলসিতে যোগ দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার অপেক্ষায় আছেন ৩৪ বছর বয়সী এই গোলকিপার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, চেলসির সঙ্গে মার্তিনেজ দুই বছরের চুক্তি করবেন। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হবে।
চেলসির গোলকিপার বিভাগে মার্তিনেজের আগমন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। স্ত্রাসবুর্গে ধারে খেলার পর এবার চেলসির মূল দলে ফিরেছেন ২১ বছর বয়সী গোলকিপার মাইক পেন্ডার্স। তাঁকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে চায় চেলসি। তবে মার্তিনেজের মতো অভিজ্ঞ গোলকিপারকে স্বল্পমেয়াদি চুক্তিতে দলে পাওয়া স্কোয়াডে বাড়তি গভীরতা এনে দিতে পারে।
চেলসির বর্তমান এক নম্বর গোলকিপার রবার্ট সানচেজকে নিয়েও প্রশ্ন রয়েছে। গত সোমবার রাতে প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে দুটি ভুল করেছিলেন সানচেজ। এরপর আবারও চেলসির প্রথম পছন্দের গোলকিপার হিসেবে তাঁর সক্ষমতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মার্তিনেজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
২০২০ সালে আর্সেনাল থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্তিনেজ। গত দুই দলবদলের মৌসুমেই তিনি ভিলা ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
২০২৪-২৫ মৌসুম শেষে ভিলা পার্কে সমর্থকদের বিদায় জানানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মার্তিনেজ। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙেও পড়েন তিনি। তাঁর ধারণা ছিল, সেটিই ভিলার হয়ে তাঁর শেষ ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমের শুরুতে ভিলা গোলপোস্টে মার্কো বিজোতকে খেলালেও মার্তিনেজের দলবদল শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। ফলে ভিলাতেই থেকে যান তিনি এবং আবারও দলের এক নম্বর গোলকিপারের দায়িত্ব পালন করেন।
তবে চলতি গ্রীষ্মে আবারও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রধান কোচ উনাই এমেরিকে জানান মার্তিনেজ। এরপর তাঁর সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি হিসেবে দ্রুত বিকল্প খুঁজে নেয় ভিলা। সিরি আ ক্লাব পার্মা থেকে আড়াই কোটি পাউন্ডের বেশি দলবদল ফিতে জাপানের গোলকিপার জিওন সুজুকিকে দলে আনে তারা।
২৪ বছর বয়সী সুজুকিকে দলের নতুন এক নম্বর গোলকিপার হিসেবে বিবেচনা করছেন কোচ উনাই এমেরি। এর পর থেকেই মার্তিনেজ আলাদাভাবে অনুশীলন করছিলেন।
চলতি দলবদলের মৌসুমের শুরুতে মার্তিনেজকে দলে নেওয়ার চেষ্টা করেছিল জুভেন্টাস। তবে তাঁর আঙুলের চোট নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় ইতালিয়ান ক্লাবটির সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি হয়নি।
এরপর গত বুধবার ইএসপিএন জানায়, মার্তিনেজের প্রতিনিধিরা তাঁকে দলে নেওয়ার প্রস্তাব চেলসির কাছে দিয়েছিলেন। এরপর দ্রুতই চেলসি ও মার্তিনেজের মধ্যে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে যায়।
ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, চেলসির এক নম্বর গোলকিপারের দায়িত্বও পেতে পারেন মার্তিনেজ।
আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতা মার্তিনেজ এবার অ্যাস্টন ভিলার অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে চেলসির জার্সিতে দেখা যাবে তাঁকে।
