যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেও গুরুত্বপূর্ণ দলীয় আয়োজনগুলোতে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে খুব একটা দেখা যাচ্ছে না। এর মধ্যেই ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত পরকীয়ার গুঞ্জনের কারণে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে মেলানিয়ার অনুপস্থিতির খবর সেই জল্পনাকে আরও জোরালো করেছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে সম্মেলনটি আয়োজন করছে রিপাবলিকান পার্টি। সেখানে দুই রাতেই বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের অন্য নেতারাও এতে অংশ নেবেন।
তবে সম্মেলনে মেলানিয়া ট্রাম্প থাকবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
মেলানিয়ার অনুপস্থিতির খবর এমন এক সময় সামনে এলো, যখন কয়েক দিন আগে একটি ভিডিওকে কেন্দ্র করে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।
ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকসের একটি ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে এক নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। একপর্যায়ে ট্রাম্পকে মেলানিয়ার দিকে ঝুঁকে কিছু বলতে দেখা যায়। সে সময় মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা আনমনা মনে হচ্ছিল। পরে তিনি নিজের আসন ছেড়ে অন্যদিকে চলে যান।
তাদের মধ্যে কী কথা হয়েছিল, তা জানা যায়নি। তবে ভিডিওতে দেখা শারীরিক অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
এর আগে ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত পরকীয়ার গুঞ্জন নিয়েও আলোচনা হয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনে মেলানিয়ার অনুপস্থিতি সেই আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
