দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায় একটি মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা ১০-এ দাঁড়ায়।
পুলিশ জানিয়েছে, সর্বশেষ মরদেহটি একটি কবরস্থানের কাছে পাওয়া যায়। গত জুলাই থেকে একুরহুলেনির বিভিন্ন এলাকায় একের পর এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে এখন পর্যন্ত এসব হত্যাকাণ্ড একই ব্যক্তি বা কোনো একটি চক্রের সঙ্গে যুক্ত—এমন নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ খতিয়ে দেখছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না। হত্যাকাণ্ডগুলোর প্রকৃত কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দশম নারীর মরদেহ উদ্ধারের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার নারীদের হত্যা অব্যাহত থাকা দেশটির পুরুষদের জন্য লজ্জার।
এর আগে এসব হত্যাকাণ্ডের তদন্তে কোনো দিকই বাদ না দেওয়ার কথা জানিয়েছিলেন রামাফোসা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
