নিরাপত্তা জোরদার করতে সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জামের একটি অংশ নিরাপদ ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং জ্বালানি সম্পদের কারণে অতীতে ইরানের বিরুদ্ধে বিভিন্ন আগ্রাসন চালানো হয়েছে।
তালাই-নিকের দাবি, সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনীর শক্তি দুর্বল করার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তাদের লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি।
ইরানের এই সামরিক কর্মকর্তা জানান, প্রতিরক্ষা সরঞ্জাম সুরক্ষিত রাখতে গত কয়েক বছরে দেশের কৌশলগত সামরিক শক্তির একটি অংশ নিরাপদ ভূগর্ভস্থ অবকাঠামোয় স্থানান্তর করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এই কৌশলের ফলে ইরানের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করার বিষয়ে প্রতিপক্ষের পরিকল্পনা সফল হয়নি।
তালাই-নিক আরও বলেন, দেশীয় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে।
সূত্র: তাসনিম নিউজ।
