প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দল থেকে তিন ক্রিকেটার বাদ পড়েছেন, দলে ফিরেছেন চারজন।
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রিসবেনে।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত এপ্রিলে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার ফাহিমা খাতুন, ওপেনার জুয়ারিয়ারা ফেরদৌস জয়িতা এবং পেসার ফাহিমা তৃষ্ণা।
অন্যদিকে দলে ফিরেছেন ওপেনার মুর্শিদা খাতুন, দিলারা আক্তার ও পেসার হাবিবা আক্তার পিংকি। মুর্শিদা প্রায় এক বছর আট মাস পর ওয়ানডে দলে ফিরেছেন। গত বছরের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
আরেক ওপেনার দিলারা আক্তার প্রায় এক বছর চার মাস পর ওয়ানডেতে ফিরেছেন। গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
দলে ফেরানো হয়েছে পেসার হাবিবা আক্তার পিংকিকেও। তিনি একটি টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাওয়ায় ওয়ানডে অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে তার।
অস্ট্রেলিয়া সফরের ১৬ সদস্যের দলে রয়েছেন—নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
