জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা নতুন একটি মামলায় তিন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্ট তাঁদের ট্রাইব্যুনাল-২–এ হাজির করতে বলা হয়েছে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। ফারজানা রুপা একই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা আগে থেকেই গ্রেপ্তার হয়ে আছেন। অন্য একটি মামলায় গ্রেপ্তার আছেন শ্যামল দত্ত।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিন সাংবাদিক উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নতুন মামলায় তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানির জন্যই ট্রাইব্যুনাল-২ তাঁদের ২৪ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছেন।
