ব্রাজিলিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে সান্তোসের জয়ের পর মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিল তারকা নেইমার। রেমোর খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে বেলেম সিটি কাউন্সিলে তাঁকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণার প্রস্তাব উঠলেও সেটি ভোটাভুটির পর্যায়ে যায়নি।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পর। রেমোকে হারিয়ে সান্তোস কোয়ার্টার ফাইনালে ওঠার পর ড্রেসিংরুমে ফেরার পথে নেইমার প্রতিপক্ষের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।
এ ঘটনাকে কেন্দ্র করে বেলেম সিটি কাউন্সিলের সদস্য এবং পিএসওএল দলের রাজনীতিক মারিনর ব্রিতো নেইমারকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন। তাঁর অভিযোগ, নেইমার পারা অঙ্গরাজ্যের খেলোয়াড়দের অসম্মান করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিতো লেখেন, “একজন কোটিপতি বেলেমে এসে আমাদের পাড়ার খেলোয়াড়দের অসম্মান করেছেন। অথচ আমার প্রস্তাবটি ভোটেই তোলা হলো না। নেইমার পায়সান্দুর খেলোয়াড়দের মৌখিকভাবে আক্রমণ করেছেন। এটি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, পুরো আমাজন অঞ্চলের প্রতি অসম্মান।”
তিনি আরও দাবি করেন, প্রস্তাবটি ভোটাভুটিতে না তোলা কাউন্সিলের অভ্যন্তরীণ বিধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। বিষয়টি নিয়ে ভবিষ্যতেও উদ্যোগ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে প্রথমে গ্যালারি থেকে নেইমারকে লক্ষ্য করে কটূক্তি করা হয়। এর জবাবে মাঠ ছাড়ার সময় উদ্যাপন করতে করতে নেইমারও প্রতিক্রিয়া জানান। তিনি বারবার ‘এলিমিনেটেড’ (বিদায়) এবং ‘এটাই সান্তোস’ বলে রেমোর কর্মকর্তাদের দিকে ইশারা করেন।
একপর্যায়ে রেমোর কয়েকজন সমর্থক প্রতিনিধি দুই দলের মাঝখানে থাকা নিরাপত্তা বেষ্টনী সরিয়ে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সান্তোসের কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “রেমো দারুণ একটি অভিযান উপহার দিয়েছে। কিন্তু সান্তোসের এমন কিছুর প্রয়োজন ছিল না। ওই বদমাশ নেইমার, যাকে অসংখ্য শিশু আদর্শ মানে, এখানে এসে ভাঁড়ামি করেছে, আবার উসকানিও দিয়েছে। এমন মানুষকে আদর্শ বানানো আমাদেরই ভুল।”
রেমো সভাপতির মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সান্তোস। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, নেইমারকে উদ্দেশ্য করে করা অপমানজনক মন্তব্য এবং রেফারিং নিয়ে পক্ষপাতের ইঙ্গিত তারা প্রত্যাখ্যান করছে।
বিবৃতিতে বলা হয়, “খেলাধুলা নিয়ে সমালোচনা স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও ভিত্তিহীন অভিযোগ সম্মান ও নৈতিকতার সীমা অতিক্রম করে। আমরা সব সময় আমাদের খেলোয়াড়, ক্লাবের ইতিহাস এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের স্বচ্ছতা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেও আমরা কাজ করে যাব।”
২০২৬ বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই নেইমারকে ঘিরে নানা আলোচনা চলছে। রেমোর বিপক্ষে ম্যাচ-পরবর্তী এই ঘটনায় সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
