২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন হিসেবে আগামী ৭ অক্টোবর শুরু হচ্ছে ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ। চার দিনের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) পাশাপাশি আয়োজিত এই প্রতিযোগিতার ম্যাচ হবে ঢাকার পাঁচটি ভেন্যুতে, যার মধ্যে রয়েছে বিকেএসপি, পিকেএসপি ও বসুন্ধরা।
এই চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য হলো আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া। একই সঙ্গে জাতীয় দলের কাঠামোর বাইরে থাকা এবং নিচের স্তরের লিগে খেলা ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য একটি বাড়তি প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল, বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও এনসিএলের মতো বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত খেলার সুযোগ পেলেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের নিজ নিজ লিগের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ তুলনামূলক কম। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে।
বিসিবি সভাপতি তামিম ইকবাল গত এপ্রিল মাসে প্রতিযোগিতাটি চালুর ঘোষণা দিয়েছিলেন। জাতীয় দল ও প্রতিষ্ঠিত ঘরোয়া প্রতিযোগিতার বাইরে থাকা ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ তৈরির বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়।৩ অক্টোবর শুরু এনসিএল
এদিকে ২০২৬-২৭ মৌসুমের চার দিনের এনসিএল শুরু হবে আগামী ৩ অক্টোবর। আটটি বিভাগীয় দলকে নিয়ে আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। প্রায় দুই মাসব্যাপী এই প্রতিযোগিতার শেষ রাউন্ডের ম্যাচ হবে ১৭ নভেম্বর।
এনসিএলের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে।
অন্য দুই ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম খেলবে রাজশাহীর বিপক্ষে।
