পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)।
আহত জহিরুলের পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে একই ওয়ার্ডের বাসিন্দা রাসেল মৃধার জমিতে ৬০০ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে তিনি পাওনা টাকা চাইলে রাসেল মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, হামলায় জহিরুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুলকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত রাসেল মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
