ঢাকা, ১ জুলাই: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এ তথ্য জানিয়েছেন।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ড এলাকায় নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
আইজিপি বলেন, দ্রুত বর্ধনশীল ও পরিকল্পিত এই আবাসন প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তিনটি উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় প্রতিষ্ঠার কার্যক্রমও চলছে। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, বরকাউ পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে পূর্বাচল এলাকায় আনুষ্ঠানিকভাবে পুলিশের কার্যক্রম শুরু হলো। এই ক্যাম্প ভবিষ্যতে এলাকাটিকে একটি নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আলী হোসেন ফকির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পূর্বাচল আবাসন প্রকল্পে থানা ও তদন্ত কেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজউক ধাপে ধাপে বাংলাদেশ পুলিশের জন্য ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় এনে একটি স্বতন্ত্র বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে অন্যান্য ডিএমপি বিভাগের মতো এখানকার আইনশৃঙ্খলা কার্যক্রম একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
আইজিপি বলেন, পূর্বাচল প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করতে প্রায় ৬ হাজার ৫২৪টি নতুন পুলিশ পদের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই মাসের মধ্যে পুশি পুলিশ ক্যাম্প উদ্বোধন করা সম্ভব হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে আরও থানা ও তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
