খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।
মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার পরিবারের সদস্যরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে তিনি প্রাণ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
