বাংলাদেশের বিপক্ষে সেপ্টেম্বরের নির্ধারিত সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সফরটি নিয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের কাছ থেকে অনুমতি ও পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে চায় বোর্ড। এ বিষয়ে শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে।
সূচি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় শুরু হওয়ার কথা বাংলাদেশ ও ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৩ ও ৬ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। সফরের জন্য ভারতীয় দলের ২৮ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বোর্ড এককভাবে সফর নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। সরকারের নির্দেশনা ও অনুমতির অপেক্ষায় রয়েছে তারা।
সূত্রটি বলেছে, ‘বাংলাদেশ সফরের বিষয়ে অনুমতি ও স্পষ্ট ধারণার জন্য আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব। এ মুহূর্তে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে সফরের বিষয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। সূত্রটির ভাষায়, ‘বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগও হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আরও পরিষ্কার হওয়া যাবে।’
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তার পেছনে সাম্প্রতিক দুই দেশের সম্পর্কের টানাপোড়েনও আলোচনায় এসেছে। চলতি বছরের শুরুতে উগ্রপন্থীদের হুমকির প্রেক্ষাপটে বিসিসিআই বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেয়। এর পর নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচগুলো অন্য ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে রাজি না হওয়ায় বিসিবি শেষ পর্যন্ত টুর্নামেন্টে দল পাঠায়নি।
পরবর্তী সময়ে বাংলাদেশে নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে সম্প্রতি দিল্লিতে অবস্থানরত দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও অস্বস্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে সেপ্টেম্বরে নির্ধারিত ক্রিকেট সিরিজ নিয়ে অনিশ্চয়তা।
এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। দুই ক্রিকেট বোর্ডের সমঝোতায় পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়। তখন আন্তর্জাতিক সূচি ও সময়ের সুবিধার বিষয়টি সফর পেছানোর কারণ হিসেবে জানানো হয়েছিল।
সিরিজ শুরুর সময় যত এগিয়ে আসছে, ততই সফরটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের গুরুত্ব বাড়ছে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো সফর বাতিল বা স্থগিতের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
