সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী স্বামী তাকে বিনোদন বা ভ্রমণের জন্য বাইরে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে তালাক চেয়েছেন।
গালফ মিডিয়ার সূত্রে জিও নিউজ জানিয়েছে, শারজাহ কোর্টসের ফ্যামিলি গাইডেন্স বিভাগের পরিচালক ড. রাজিয়া হাসান আল-রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ঘটনাটি তুলে ধরেন।
ড. রাজিয়া জানান, ওই নারী ফ্যামিলি গাইডেন্স সার্ভিসের কাছে অভিযোগ করেন, তার স্বামী ঘরে থাকতেই বেশি পছন্দ করেন। তাকে নিয়ে বিনোদন বা ভ্রমণে যাওয়ার বিষয়ে স্বামীর আগ্রহ নেই।
তবে একই নারী তার স্বামীকে উদার, ধৈর্যশীল ও উত্তম চরিত্রের জীবনসঙ্গী হিসেবেও বর্ণনা করেছেন।
এ ঘটনায় শারজাহর ফ্যামিলি গাইডেন্স বিভাগ ওই নারীকে তালাকের পথে না গিয়ে ভাই-বোন ও বাবার বাড়ির স্বজনদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জীবনের সঙ্গে সমঝোতা করে দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
ড. রাজিয়া বলেন, জীবনযাপন ও বিনোদনের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর ভিন্ন পছন্দ একে অপরের জন্য সমস্যার কারণ হতে পারে। তবে সব ধরনের মতপার্থক্য যে দাম্পত্য সম্পর্ক শেষ করার কারণ হবে, এমনটা নয়।
তিনি আরও বলেন, বিশেষ করে দাম্পত্য সম্পর্কে গুরুতর কোনো সমস্যা না থাকলে প্রতিটি মতপার্থক্যকে আইনি বা পারিবারিক বিরোধে পরিণত করা থেকে বিরত থাকা উচিত।
