যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী অ্যারিন প্যাটারসন জীবনসঙ্গী খুঁজতে বেছে নিয়েছেন অভিনব এক পদ্ধতি। ডেটিং অ্যাপের পরিবর্তে তিনি তৈরি করেছেন একটি গুগল ফরম। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ার করার পর ফরমটি ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত এতে ২৪০ জনের বেশি পুরুষ আবেদন করেছেন।
অ্যারিন প্যাটারসন অবিবাহিত। নিজের তৈরি গুগল ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটির লিংক শেয়ার করার পাশাপাশি নিজের প্রোফাইলে সেটি পিন করে রেখেছেন তিনি।
প্যাটারসনের ভাষ্য, প্রচলিত ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তার মনে হয়েছে সেখানে অনেক সময় নষ্ট হয়। তাই সম্ভাব্য জীবনসঙ্গীদের সম্পর্কে শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার জন্য নিজের মতো করে একটি আবেদনপত্র তৈরির সিদ্ধান্ত নেন তিনি।
তার আশা, এর মাধ্যমে অপ্রয়োজনীয় যোগাযোগ কিংবা সম্পর্কের বিষয়ে আগ্রহী নন—এমন ব্যক্তিদের শুরুতেই বাদ দেওয়া সহজ হবে।
‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’-এ আগ্রহী পুরুষদের কাছে পেশাগত লক্ষ্য, দৈনন্দিন জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস ও সম্পর্ক নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে সম্পর্কে ধারণা এবং পারিবারিক জীবন নিয়েও প্রশ্ন রয়েছে। আবেদনকারীরা নিজেদের প্রত্যাশা এবং কোন বিষয়গুলো তারা কোনোভাবেই মেনে নিতে পারবেন না, সেটিও জানানোর সুযোগ পাচ্ছেন।
প্যাটারসন জানিয়েছেন, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা রাতের খাবারের জন্য দেখা করতে এবং ভালোভাবে কথা বলতে আগ্রহী। এরপর সম্পর্কটি কোন দিকে এগোয়, তা দেখার জন্য তিনি প্রস্তুত।
গুগল ফরমটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্যাটারসনের উদ্যোগকে সাহসী ও অভিনব বলে প্রশংসা করেছেন। আবার কেউ জানিয়েছেন, তারাও জীবনসঙ্গী খুঁজতে একই ধরনের পদ্ধতি অনুসরণ করতে চান।
