বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে শারীরিক অবস্থার অবনতির কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।
এর আগে ২১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের আইসিইউ-সুবিধাসংবলিত একটি কেবিনে রাখা হয়েছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনি অকার্যকর হয়ে পড়েছে এবং রক্তে গুরুতর সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি স্নায়বিক জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বড় ছেলে লন্ডন থেকে দেশে ফেরার পর পরিবারের সম্মতি ও চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
রফিকুল ইসলাম মিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিএনপি ও তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
৮৫ বছর বয়সী রফিকুল ইসলাম মিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
