দায়িত্ব পালনকালীন রাষ্ট্রপতির সম্পাদিত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কোনো অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সম্পাদিত কর্মকাণ্ডের জন্য কোনো আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ নেই। তবে দায়িত্ব গ্রহণের আগে অথবা দায়িত্ব শেষ হওয়ার পর কেউ কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।
ব্রিফিংয়ে সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়েও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি জানান, সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ার পর বিদ্যমান বিধান অনুযায়ী প্রয়োজন মনে করলে সরকার কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। সাম্প্রতিক সিদ্ধান্তও সেই বিধান অনুসরণ করেই নেওয়া হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধগুলোর একটি। তাই ওই নির্বাচনের ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়ার কারণ নেই।
ব্রিকসে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে আপাতত পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
এদিকে, পর্যটন নগরী কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
