দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ সময় রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন রোগী ভর্তি হন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় আরও ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৮৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৭৫ জন করে, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ২৮ জন, ময়মনসিংহে ১৩ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মোট ৪৭টি মৃত্যুর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ২৮ দিনেই প্রাণ হারিয়েছেন ২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পরবর্তী বছরেও চার শতাধিক মানুষের মৃত্যু এবং লক্ষাধিক রোগী শনাক্ত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।
