যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এবং নতুন করে সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে তেলের দাম বৃদ্ধির হার গত জুলাইয়ের মাঝামাঝির পর এক সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ দর ১৫ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৬৭ ডলারে উঠেছে।
অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হচ্ছে।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। গত ২০ জুলাইয়ের পর এক সপ্তাহের হিসাবে এটিই উভয় ধরনের তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
