মেয়েদের চলমান এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলে ট্রফি বিতরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় ফাইনালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির উপস্থিত থাকার কথা রয়েছে। ভারত ফাইনালে জিতলে অধিনায়ক হারমানপ্রীত কৌর তার কাছ থেকে ট্রফি নেবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গালফ নিউজ জানিয়েছে, ফাইনালে উপস্থিত থাকবেন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
গত বছর ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও ট্রফি বিতরণ ঘিরে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও নাকভির কাছ থেকে ট্রফি নেননি ভারতীয় ক্রিকেটাররা। পরে ট্রফি ছাড়াই উদযাপন করেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, জসপ্রিত বুমরা ও তিলক বর্মারা।
গত বছর কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক দূরত্ব পুরোপুরি কাটেনি।
নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবার মেয়েদের এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলে নাকভিই ট্রফি তুলে দিতে পারেন। তবে তার কাছ থেকে হারমানপ্রীত ট্রফি নেবেন কি না, সে বিষয়ে এখনো ভারত সরকার বা বিসিসিআই তাদের অবস্থান জানায়নি।
গত বছরের ঘটনার পর এশিয়া কাপের ট্রফিটি এখনো ভারতের হাতে পৌঁছায়নি। সেটি দুবাইয়ে এসিসির কার্যালয়ে রয়েছে।
