যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে পড়ে কয়েকটি গাড়িতে আঘাত করেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মায়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৬৭–৩০০ মডেলের। এটি বিশ্বখ্যাত ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের কার্গো উড়োজাহাজ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, রোববার স্থানীয় সময় বেলা দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করেছিল।
মায়ামি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে পাশের সড়কে ছিটকে পড়ে। সেখানে থাকা একাধিক গাড়িতে সেটি আঘাত করে। এরপর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে আগুনের শিখা ও ব্যাপক ধোঁয়া দেখা যায়।
দুর্ঘটনার পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তবে উড়োজাহাজটি কেন রানওয়ে থেকে ছিটকে সড়কে পড়ল, তা এখনো জানা যায়নি। একইভাবে সড়কে থাকা ঠিক কতটি গাড়িতে উড়োজাহাজটি আঘাত করেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রতিষ্ঠানটি স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
