অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ মনে করেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের অন্যতম ভিত্তি হলো শৃঙ্খলা। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, শর্টকাটে নয়, বরং সময়, নিষ্ঠা, ভালো কাজ এবং দর্শকের ভালোবাসার মাধ্যমেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
তিনি বলেন, একজন শিল্পী হওয়ার আগে একজন মানুষ হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জীবনেও তিনি সবসময় শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করেছেন এবং এর ইতিবাচক ফল পেয়েছেন। একই অভ্যাস তিনি সন্তানদের মধ্যেও গড়ে তোলার চেষ্টা করেছেন।
মৌর ভাষায়, “জীবনে শৃঙ্খলা না থাকলে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয়। শিল্পীদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। শর্টকাটে সাফল্য আসে না। সাফল্য আসে সময়, ভালো কাজ এবং দর্শকের ভালোবাসার সমন্বয়ে। আমি সেরা হওয়ার কথা বলব কী করে? আমি শুধু আমার কাজ করে গেছি। শর্টকাটে কোনো কিছুরই সাফল্য আসে বলে আমি মনে করি না।”
সফল শিল্পীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে যাদের সফল থাকতে দেখেছেন, তাদের অধিকাংশই অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবন অনুসরণ করেছেন। পারিবারিক পরিবেশ থেকেই তিনি এই অভ্যাস অর্জন করেছেন বলেও উল্লেখ করেন।
প্রবীণ অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মৌ জানান, তিনি সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করেন এবং কখনো বিশৃঙ্খল আচরণ করতে দেখেননি। এ ধরনের পেশাদার মনোভাব অন্যদের জন্যও অনুকরণীয় বলে মনে করেন তিনি।
বর্তমান বিনোদন অঙ্গনের প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, আগের তুলনায় এখন কাজের সুযোগ অনেক বেড়েছে। যদিও প্রতিযোগিতাও তীব্র, তবু যারা নিষ্ঠার সঙ্গে মানসম্মত কাজ করবেন, তারা অসংখ্য চ্যানেল ও প্ল্যাটফর্মের ভিড়েও নিজেদের যোগ্যতায় দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করতে পারবেন।
