ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার বিষয়ে তেহরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কাতার ও পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে যে বার্তা আদান-প্রদান চলছে, সেটিকে আনুষ্ঠানিক আলোচনা হিসেবে বিবেচনা করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানি সংবাদমাধ্যম শাহরারা নিউজকে এসব কথা বলেন আরাগচি।
সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলেও সেগুলোকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বলা যায় না।
এদিকে ওমানের সঙ্গে ইরানের পৃথক আলোচনা চলছে বলে জানান তিনি। এসব আলোচনার প্রধান বিষয় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নৌপথ নির্ধারণ করা।
আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান চরমভাবে পরাজিত হচ্ছে। একই সঙ্গে শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথাও জানান তিনি।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’
তথ্যসূত্র: আল আরাবিয়া
