যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতায় আলোচিত ৬০ দিনের সময়সীমা এখন আর কার্যকর নয় বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি অভিযোগ করেছে, সমঝোতা স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন এর শর্ত লঙ্ঘন করেছে।
সোমবার (১৭ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এসব কথা বলেন।
বাঘেই জানান, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ‘৬০ দিনের সময়সীমা’ নামে কোনো বাধ্যতামূলক শর্ত ছিল না। তাঁর ভাষায়, ইরান কোনো চাপ, হুমকি কিংবা নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে নিজেদের নীতি নির্ধারণ করে না।
ইরানের এই মুখপাত্র বলেন, সমঝোতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়সীমার কথা উল্লেখ ছিল। প্রয়োজন হলে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো পর্যন্ত সেই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল।
তবে বাঘেইয়ের দাবি, যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমঝোতার শর্ত লঙ্ঘন করায় দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত আলোচনা শুরুই হয়নি। ফলে ৬০ দিনের সময়সীমার এখন আর কোনো বাস্তব গুরুত্ব নেই।
ইরানের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং চলমান সামরিক সংঘাত ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
