মানিকগঞ্জের সাটুরিয়ায় যুব মহিলা লীগের কর্মী পিংকিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া বাজারের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পিংকি সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের সক্রিয় সদস্য। তিনি উপজেলার দিঘলীয়া ইউনিয়নের আঙ্গুটিয়া গ্রামের লাল মিয়ার মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় পিংকিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর তিনি ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনসহ বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্যসংবলিত পোস্ট করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ওই মামলায় পিংকির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পিংকি বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পিংকিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
