যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল। ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই তরুণ অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।
মঙ্গলবার ভোরে মেরিল্যান্ডের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাত প্রায় তিনটার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে পড়ে এবং একটি কালভার্টে আঘাত হানে। গাড়ির দুই আরোহীর একজন ছিলেন কেলি হটল।
দুর্ঘটনার পর দ্রুত তাঁকে একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকেরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর বা প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গডজিলা ভার্সেস কং’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন কেলি হটল। চরিত্রটি ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশুর, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম ছিল।
পরবর্তীতে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। ওই ছবিতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পান।
জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। তিনি জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর সময় তিনি টেক্সাসের অস্টিনে অবস্থিত টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
