পেশাদার ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের শেষটা সম্ভবত খুব বেশি দূরে নয়। ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা জানিয়েছেন, ফুটবলার হিসেবে চলতি মৌসুমই তাঁর শেষ বছর হতে পারে। একই সঙ্গে অবসরের পরের জীবন নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। এর মধ্যেই দীর্ঘদিন ধরে তাঁর অবসর নিয়ে আলোচনা চলছিল। তবে এত দিন অবসরের নির্দিষ্ট সময় জানাননি তিনি। রোববার প্রকাশিত সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।’
অবসর-পরবর্তী পরিকল্পনা নিয়েও কথা বলেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন।’
গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও ‘এক বা দুই বছর’ ফুটবল চালিয়ে যেতে চান। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। গত মাসে স্পেনের কাছে হেরে পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অবশ্য অবসর নিয়ে কোনো মন্তব্য করেননি।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড এবার জানিয়েছেন, ফুটবল ছাড়ার পর পরিবারকে আরও বেশি সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অবসর-পরবর্তী জীবন সম্পর্কে রোনালদো বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। তাই বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি আরও বেশি ভ্রমণ করতে চান তিনি। পছন্দের প্যাডেল খেলাটি দেখা ও খেলার কথাও উল্লেখ করেছেন।
রোনালদোর ভাষায়, ‘সবচেয়ে বড় কথা, ২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’
পর্তুগালের কাসকাইসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পাঁচ দিন আগে এই সাক্ষাৎকার দেন রোনালদো। তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু স্পোর্তিং লিসবনে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে ২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসরের হয়ে খেলছেন তিনি।
রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছরকে রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায় হিসেবে ধরা হয়। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে রেকর্ড গড়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে তিন গোল করেছিলেন রোনালদো। ওই আসরে পর্তুগাল শেষ ষোলো পর্যন্ত খেলেছিল।
ফুটবল ক্যারিয়ারের শেষের ইঙ্গিত দিলেও অবসরের পর পুরোপুরি নিষ্ক্রিয় থাকার পরিকল্পনা নেই রোনালদোর। বরং দীর্ঘ পেশাদার জীবনের পর পরিবার, ভ্রমণ ও নিজের পছন্দের বিভিন্ন কাজে সময় দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
