সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত এক সপ্তাহের অভিযানে ১৪ হাজার ৯৭০ জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে অবৈধভাবে দেশে প্রবেশ ও দেশত্যাগের চেষ্টার অভিযোগেও বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত সমন্বিত অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন এমন ১ হাজার ৬২৬ জনকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ কিংবা গোপনে সহায়তা করার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।
আটক ব্যক্তিদের মধ্যে ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ৬ হাজার ১১৩ জনের নিজ দেশে ফেরার ভ্রমণ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযানের ধারাবাহিকতায় ইতোমধ্যে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
