স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। তার স্বামী সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত।
সুদাম পাল উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। চিকিৎসার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ও তার স্ত্রী মন্দিরা রানী পাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছেছেন।
তাদের কিডনি প্রতিস্থাপনের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে মন্দিরা রানী পালের উদ্যোগের প্রশংসা করে তার সফলতা এবং শিক্ষক দম্পতির সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। চিকিৎসা সফল হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুদাম ও মন্দিরা।
জানা গেছে, গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার বাসিন্দা সুদাম পাল ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন। বিয়ের পর মন্দিরা রানী পালও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
বর্তমানে এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।
সুদাম পাল ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন। প্রথমে বাংলাদেশে এবং পরে ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এরপর কিডনির ডোনার খোঁজা শুরু হয়।
কোথাও ডোনার না পাওয়ার পর স্বামীর জন্য নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল। এ জন্য আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব প্রক্রিয়া শেষে রোববার সকাল ৮টার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন শিক্ষক দম্পতি।
সোর্স অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শিক্ষক দম্পতি চিকিৎসার জন্য এক মাসের ছুটি নিয়ে ভারতে গেছেন। তবে স্ত্রী স্বামীকে কিডনি দান করবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
