ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৩ হাজার ৩৪২, বাড়ছে মানবিক সংকট
ভেনেজুয়ায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে আহত ও গৃহহীন মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রোববার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৪৭০ জন। এছাড়া বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রায় ১৭ হাজার ৩৪৫ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
দেশটির ২১৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করতে সামরিক বাহিনীর অধীনে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।
তবে সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে দেশজুড়ে সমালোচনা বাড়ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে এবং অনেক এলাকায় এখনো পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই দুর্যোগ ভেনেজুয়াকে নতুন করে বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি অবস্থা জারি রেখে উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ।
