দক্ষিণ চীন সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’ টানা চার দিন বিদ্যুৎহীন অবস্থায় ছিল। গত ২৪ জুলাই ঘটে যাওয়া ওই ঘটনার পর যুদ্ধজাহাজটিকে টেনে ফিলিপাইনে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জাহাজটির কোনো নাবিক আহত হননি।
মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমারের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
কমান্ডার ম্যাথিউ কোমার জানান, ২০২৬ সালের ২৪ জুলাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিয়মিত কার্যক্রম চালানোর সময় ইউএসএস বেনফোল্ডের একটি জেনারেটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে জাহাজটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ না থাকায় জাহাজের নাবিকেরা এয়ার কন্ডিশনিং, শৌচাগার, রান্নার সুবিধা এবং পানীয় জলের সেবা থেকে বঞ্চিত হন। পরিস্থিতিতে বেনফোল্ডের সঙ্গে থাকা জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ক্রুজার ‘ইউএসএস রবার্ট স্মলস’ এগিয়ে আসে। জাহাজটি বেনফোল্ডের নাবিকদের খাবার সরবরাহ করে সহায়তা করে।
পরে বিকল যুদ্ধজাহাজটিকে ফিলিপাইনে টেনে নেওয়া হয়। তবে জেনারেটরে ঠিক কী কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা এখনো নিশ্চিত হয়নি। ঘটনার মূল কারণ নির্ধারণে তদন্ত চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
