বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সের ওই ১৪ জন মিয়ানমারের নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীন কুরুকপাতা চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের নাগরিক এবং দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তাঁদের সবার পরনে ছিল বেসামরিক পোশাক। জিজ্ঞাসাবাদ শেষে কুরুকপাতা চেকপোস্ট থেকে তাঁদের আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ-সংক্রান্ত আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার বিধিবিধান অনুসারে পরবর্তী ব্যবস্থা নিতে বুধবার তাঁদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহা বলেন, ১৯ আগস্ট মিয়ানমারের ওই নাগরিকদের বিজিবি আটক করে। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
