কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ মো. শাহ আলম (৫০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীতে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। একপর্যায়ে মিয়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।
নৌকাটির গতিবিধি নিশ্চিত হওয়ার পর বিজিবির নৌ-টহল দল দ্রুত সেটির দিকে এগিয়ে যায়। নৌকাটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে সেটিকে থামার নির্দেশ দেওয়া হয়।
বিজিবির অধিনায়ক জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত তিন ব্যক্তি নাফ নদীতে ঝাঁপ দেন। পরে তারা সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হন। তবে অভিযান চালিয়ে মো. শাহ আলম নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরি থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।
উদ্ধার করা মাদক ও জব্দ করা সরঞ্জাম নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
