২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে। এর আগে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা নেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, তা পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার নতুন পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়েছে।
পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছিল। শিক্ষা বিভাগের কর্মকর্তারাও এর আগে জানিয়েছিলেন, মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে। সেই সিদ্ধান্তই এবার চূড়ান্ত করা হলো।
এর আগে গত মে মাসে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছিলেন। তখন দেওয়া পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছিল।
আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নিয়েই এসএসসি পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথাও এর আগে জানিয়েছিল শিক্ষা বিভাগ। এ নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। অংশীজনদের নিয়ে আয়োজিত সভাতেও ডিসেম্বরে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত আসে।
এরপর এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে নেওয়ার তারিখ নির্ধারণ করা হলো।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির পর সেই সময়সূচি আর বজায় রাখা সম্ভব হয়নি। পরীক্ষার সময় আরও পিছিয়ে যায়।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। একই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় জুলাই মাসে।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা হিসেবে প্রতিবছর এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের লাখো শিক্ষার্থী অংশ নেয়। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে দশম শ্রেণির পাঠ শেষ করার পরের বছর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই ব্যবস্থা রয়েছে।
বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। উচ্চমাধ্যমিক এবং দেশের উচ্চশিক্ষার শিক্ষাবর্ষ শুরু হয় জুলাইয়ে।
এ কারণে শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষাবর্ষ, পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচির মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদদের মত, বছরের একটি নির্দিষ্ট সময়ে পাবলিক পরীক্ষা আয়োজন করা গেলে তা ইতিবাচক হতে পারে। তবে এর জন্য শিক্ষার সব পর্যায়ের শিক্ষাবর্ষ, পরীক্ষা এবং ফল প্রকাশের সময়সূচির মধ্যে সমন্বয় করা প্রয়োজন।
