ভারতীয় ফুটবল দলের সামনে ব্যস্ত এক মাস অপেক্ষা করছে। অক্টোবরের ফিফা উইন্ডোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে খেলা পানামা ও কেপ ভার্দের বিপক্ষেও মাঠে নামতে পারে ভারত।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচটি আগেই নির্ধারিত হয়েছে। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পানামা নীতিগতভাবে ভারতে এসে খেলতে সম্মতি জানিয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে থাকা পানামা ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলেছে। ফলে র্যাঙ্কিং ও সামর্থ্যে এগিয়ে থাকা দলটির বিপক্ষে ম্যাচটি ভারতের কোচ খালিদ জামিলের দলের জন্য বড় পরীক্ষা হতে পারে।
এরপর ব্রাজিলের বিপক্ষে ম্যাচের মাত্র তিন দিন পর, ৬ অক্টোবর কেপ ভার্দের বিপক্ষে ভারতের খেলার সম্ভাবনা রয়েছে। দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে এ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার পাশাপাশি কেরালার কোচির কথাও বিবেচনা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই আলোচনায় আসে কেপ ভার্দে। বিশ্বকাপে দলটির গোলরক্ষক ভোজিনহার পারফরম্যান্সও নজর কাড়ে।
সবকিছু চূড়ান্ত হলে এক মাসের ব্যবধানে বিশ্বকাপে অংশ নেওয়া তিন দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে ভারত। ব্রাজিল, পানামা ও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচগুলো আন্তর্জাতিক ফুটবলে ভারতের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।
