ব্র্যান্ড ফাইন্যান্সের ২০২৬ সালের তালিকায় টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। ২৪০ কোটি ইউরো ব্র্যান্ড মূল্য নিয়ে শীর্ষে থাকা স্প্যানিশ ক্লাবটির পরেই রয়েছে বার্সেলোনা। তবে এবারের তালিকায় বড় চমক দেখিয়েছে আর্সেনাল—পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্সের ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড মূল্য ধরা হয়েছে ২৪০ কোটি ইউরো, যা ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমান।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ফুটবলের শীর্ষ ৫০টি ক্লাবের সম্মিলিত ব্র্যান্ড মূল্য এবার রেকর্ড ২ হাজার ৩৯০ কোটি ইউরোতে পৌঁছেছে। এসব ক্লাবের মোট এন্টারপ্রাইজ ভ্যালু দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭০ কোটি ইউরো। ক্রীড়া ব্র্যান্ডের ইতিহাসে এক বছরে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধি।
ব্র্যান্ড মূল্যের তালিকায় রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য ২২৭ কোটি ৬০ লাখ ডলার।
তবে এবার সবচেয়ে বড় অগ্রগতি করেছে আর্সেনাল। তাদের ব্র্যান্ড মূল্য ১৭৭ কোটি ২০ লাখ ডলার। পাঁচ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ তিনে উঠে এসেছে ‘গানাররা’।
২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার কারণে আর্সেনালের ব্র্যান্ড মূল্য ও অবস্থানে বড় ধরনের উন্নতি হয়েছে।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির ব্র্যান্ড মূল্য ১৭৪ কোটি ৮০ লাখ ডলার। চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি রয়েছে পঞ্চম স্থানে, তাদের ব্র্যান্ড মূল্য ১৭৩ কোটি ৪০ লাখ ডলার।
এরপর ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার সিটি (১৭০ কোটি ৯০ লাখ ডলার), সপ্তম লিভারপুল (১৬৯ কোটি ৫০ লাখ ডলার) এবং অষ্টম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড (১৬৫ কোটি ৯০ লাখ ডলার)।
চেলসি ১১০ কোটি ১০ লাখ ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে নবম স্থান ধরে রেখেছে। আর প্রায় এক দশক পর বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০ ক্লাবের তালিকায় ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির ব্র্যান্ড মূল্য ৭৬ কোটি ৬০ লাখ ডলার।
ব্র্যান্ড মূল্য বলতে একটি ক্লাবের নাম ও ব্র্যান্ড ব্যবহার করে ভবিষ্যতে সম্ভাব্য আয়ের আনুমানিক মূল্যকে বোঝানো হয়। অন্যদিকে এন্টারপ্রাইজ ভ্যালু হলো পুরো ক্লাবের আর্থিক মূল্য—অর্থাৎ কোনো বিনিয়োগকারী ক্লাবটি কিনতে চাইলে আনুমানিক যে অর্থ ব্যয় করতে হতে পারে।
২০২৬ সালের সবচেয়ে মূল্যবান ১০ ফুটবল ক্লাব
| অবস্থান | ক্লাব | ব্র্যান্ড মূল্য |
|---|---|---|
| ১ | রিয়াল মাদ্রিদ | ২৭৬ কোটি ৬০ লাখ ডলার |
| ২ | বার্সেলোনা | ২২৭ কোটি ৬০ লাখ ডলার |
| ৩ | আর্সেনাল | ১৭৭ কোটি ২০ লাখ ডলার |
| ৪ | বায়ার্ন মিউনিখ | ১৭৪ কোটি ৮০ লাখ ডলার |
| ৫ | পিএসজি | ১৭৩ কোটি ৪০ লাখ ডলার |
| ৬ | ম্যানচেস্টার সিটি | ১৭০ কোটি ৯০ লাখ ডলার |
| ৭ | লিভারপুল | ১৬৯ কোটি ৫০ লাখ ডলার |
| ৮ | ম্যানচেস্টার ইউনাইটেড | ১৬৫ কোটি ৯০ লাখ ডলার |
| ৯ | চেলসি | ১১০ কোটি ১০ লাখ ডলার |
| ১০ | বরুসিয়া ডর্টমুন্ড | ৭৬ কোটি ৬০ লাখ ডলার |
