পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমাইরা বানু ৫৪ বছর বয়সে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি ছবি ও আবেগঘন বার্তা প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন তিনি। বিয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন হুমাইরা বানু। ছবিতে তার স্বামীর মুখ স্পষ্ট দেখা যায়নি। তবে পোস্টের বার্তায় নতুন জীবনের শুরু নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রী তার জীবনদর্শন তুলে ধরে জানান, মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করলেও স্রষ্টার পরিকল্পনা ভিন্ন হতে পারে। স্রষ্টা যখন কোনো কিছু ঘটার নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ হয়ে যায়—এমন বিশ্বাসের কথাই নিজের পোস্টে তুলে ধরেছেন তিনি।
হুমাইরা বানুর বিয়ের ঘোষণা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা। নতুন দাম্পত্য জীবনের জন্য তাকে শুভকামনাও জানাচ্ছেন তারা।
পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমাইরা বানু দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। বিশেষ করে বিভিন্ন নাটকে মায়ের চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে প্রশংসা পেয়েছে। কয়েক দশকের অভিনয়জীবনে তিনি একাধিক জনপ্রিয় নাটক ও ড্রামা সিরিজে অভিনয় করেছেন।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘গওহর-ই-নায়াব’, ‘জুগনু’, ‘গুল-ই-রানা’, ‘ঝুট’, ‘এক থি রানিয়া’, ‘মেরে হামদম’, ‘দিওয়ানগি’, ‘ইশক জাহে নসিব’, ‘মেরা রব ওয়ারিস’, ‘মেহর পোশ’, ‘বন্নো’, ‘রং মহল’, ‘ইশক জলেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’।
জীবনের এই পর্যায়ে এসে নতুন করে সংসার শুরুর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তার এই নতুন পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা।
সূত্র: ডেইলি পাকিস্তান
