মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে নিউ গ্রীনলাইন এক্সপ্রেসের বাসটি মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রথমে সড়কের ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে ঘুরে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে তাঁদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন—মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর পৌঁছায়। খবর পাওয়ার পর দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাওয়া প্রান্তের ঢালে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডান পাশের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি ঘুরে বাঁ পাশের রেলিংয়ে আঘাত করে উল্টে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না জানান, বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে নূর ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজ করেন।
