প্রেমের সম্পর্কের সূত্র ধরে খুলনার দাকোপে এসে বাংলাদেশি এক নারীকে বিয়ে করেছেন চীনের এক প্রকৌশলী। ৩৫ বছর বয়সী লিও হিউ নামের ওই চীনা নাগরিক গত সোমবার বাংলাদেশি নারী ময়না (২৪)কে বিয়ে করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ খায়রুল বাসার। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার তাদের বিয়ে সম্পন্ন হয়।
ময়না দাকোপ উপজেলার বারুইখালী এলাকার বিল্লাল বিশ্বাসের মেয়ে। অন্যদিকে লিও হিউ চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ময়না ও লিওর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরপর গত সোমবার বাংলাদেশে আসেন লিও। পরদিন আইন অনুযায়ী নোটারি পাবলিকের এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে ময়নাকে বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে হাসিব।
ময়নার আগে একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার একটি সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিয়ের পর বর্তমানে ময়নার বাবার বাড়ি বারুইখালিতে অবস্থান করছেন লিও ও ময়না। ময়না জানান, লিওর ভাষা তিনি কিছুটা বুঝতে পারেন। বাকি কথাবার্তা তারা অ্যাপের মাধ্যমে করেন।
ময়নার ভাষ্য অনুযায়ী, লিও তার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের খাবার ও এলাকার পরিবেশও পছন্দ করেছেন।
লিও জানান, বাংলাদেশে কিছুদিন অবস্থানের পর তিনি স্ত্রীকে নিয়ে চীনে চলে যাবেন।
ময়নার বাবা বিল্লাল বিশ্বাস জানান, লিওকে তার জামাই হিসেবে ভালো লেগেছে। এক মাসের ছুটি শেষে লিও চীনে ফিরে যাবেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে ময়নাকে আনুষ্ঠানিকভাবে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দাকোপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ খায়রুল বাসার জানান, বারুইখালী এলাকায় এক চীনা যুবক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন—এমন খবর পাওয়ার পর পুলিশ খোঁজ নেয়।
তিনি বলেন, অনুসন্ধানে জানা গেছে, চীনা নাগরিকটি বৈধভাবে বাংলাদেশে এসে স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন।
