দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর ফলে ভালো ও মেধাবী তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে হলে ভালো মানুষের নেতৃত্বে আসা জরুরি। ভালো উপাদান থাকলেও দক্ষ নেতৃত্ব না থাকলে যেমন ভালো ফল পাওয়া যায় না, তেমনি যোগ্য মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফলও টেকসই করা সম্ভব নয়।
তথ্যমন্ত্রী বলেন, বরিশালের ঐতিহ্য অনেক সমৃদ্ধ। ফুটবল, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এই অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন।
বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এ জন্য বরিশালের আশপাশের নির্বাচনী এলাকা ও জেলাগুলো থেকে মেধাবী ও যোগ্য তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার কথা বলেন তিনি। একই সঙ্গে তরুণদের রাজনীতিতে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন।
আন্দালিব রহমান বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হলেও দেশের এখন মানসম্মত ও টেকসই উন্নয়ন প্রয়োজন। আর এই উন্নয়ন ধরে রাখতে ভালো মানুষকে নেতৃত্বে আসতে হবে।
বর্তমানে যারা রাজনীতিতে রয়েছেন, তাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ তৈরি করা বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আগামী প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে এতে যুক্ত হতে পারে।
তথ্যমন্ত্রী বলেন, দেশে অনেক অবকাঠামো তৈরি করা সম্ভব হলেও ভালো নেতৃত্ব তৈরি করা না গেলে সেগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখা কঠিন হবে। তাই নেতৃত্ব তৈরির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ অঞ্চল থেকে যোগ্য ও ভালো নেতৃত্ব সামনে আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, তরুণরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন, সেটি দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।
