অস্ট্রেলিয়ার সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে চা-আড্ডা ও নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রণ মুড় কমিউনিটি সেন্টারের পেছনের খোলা জায়গায় এ আয়োজন করে সিডনি বাংলা উইমেন নেটওয়ার্ক (এসবিডব্লিউএন)।
রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও সবুজ পরিবেশে আয়োজনে অংশ নেওয়া অভিভাবকেরা নিজেদের অভিজ্ঞতা, বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মায়েদের গল্প, গান ও আড্ডায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের ভাষ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মধ্যে পরিচিতি, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোই ছিল আয়োজনের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাও অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। অংশ নেওয়া কয়েকজন মা বলেন, তাঁরা এখানে নিজেদের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে পেয়েছেন।
এসবিডব্লিউএন দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক সমতা, অন্তর্ভুক্তি এবং নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি অভিভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোও সংগঠনটির অন্যতম উদ্যোগ। অনুষ্ঠানে কয়েকজন বাবাও সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী টিভি অস্ট্রেলিয়া, কামাল পাশা ও সাংবাদিক নাইম আবদুল্লাহকে অনুষ্ঠানের সংবাদ ও কার্যক্রম বৃহত্তর কমিউনিটির কাছে তুলে ধরতে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে অনুষ্ঠান সফল করতে কাজ করা এসবিডব্লিউএনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজকেরা জানান, পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোর জন্য আরও সহায়ক একটি কমিউনিটি গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি পরিবারকেও ধন্যবাদ জানানো হয়।
