কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ বাইরের প্রভাব ও উপনিবেশের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের কেরালার কোঝিকোড়ে শেখ আবু বকর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠান শেষে আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে কথা বলেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জ্ঞান না থাকলে আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশে পরিণত হব।’প্রযুক্তি সম্পর্কে আলেমদের জ্ঞান অর্জনের আহ্বান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আলেম ও ধর্মীয় পণ্ডিতদের আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো বুঝতে হবে।
তবে প্রযুক্তিগত অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের মূল শক্তিকে ব্যাহত না করে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, জ্ঞান ও দক্ষতার প্রয়োজন রয়েছে, পাশাপাশি প্রযুক্তির বিকাশের মধ্যেও ইমান ও নৈতিক মূল্যবোধ রক্ষা নিশ্চিত করতে হবে।
প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে বিতর্ক চললেও মুসলিম আলেম ও সমাজ এ ধরনের চ্যালেঞ্জের দিকে পর্যাপ্ত মনোযোগ দিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।
প্রযুক্তিগত অগ্রগতি যেন জ্ঞান, নীতি ও ধর্মীয় আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরাম এ. পি. আবুবকর মুসলিয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর কেরালা সফরে যান আনোয়ার ইব্রাহিম।
