আগামী বছরের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করা হবে।
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যে বৈঠকে এই সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা শুরু হয়।
এর ধারাবাহিকতায় বুধবার নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের সামগ্রিক ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিজটি ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালকে একত্র হওয়ার সুযোগ তৈরি করবে। নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও শোকের সময়ে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ হিসেবেও সিরিজটিকে দেখা হচ্ছে।
নেপালের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে বিসিবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের সঙ্গে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করার কথা জানিয়েছে সংস্থাটি।
এর মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কর্মসূচি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ রয়েছে।
এখন পর্যন্ত নেপালের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচই বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছে এবং দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।
আগামী মার্চের সিরিজে কাঠমান্ডুতে মুখোমুখি হবে দুই দল।
