সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাকিং কার্যক্রম চালিয়েছে। এআই ব্যবস্থার স্বয়ংক্রিয়ভাবে এমন কাজ করার এটিই প্রথম জানা উদাহরণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানায়, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’ পরিচালিত একটি পরীক্ষার সময় ঘটনাগুলো ঘটে। ইরেগুলারের এক মুখপাত্র জানান, অন্যান্য এআই ল্যাবের মতোই পরীক্ষাটি একই ধরনের সমস্যা শনাক্ত করার উদ্দেশ্যে করা হয়েছিল। জুলাইয়ের শেষ দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, একটি ঘটনায় জেমিনাই বারবার পাসওয়ার্ড অনুমান করে একটি সুরক্ষিত সিস্টেমে প্রবেশাধিকার পায়। অন্য দুটি ঘটনায় মডেলটি একটি পাবলিক রিপোজিটরিতে সিস্টেমে ঢোকার প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়। পরে ওই তথ্য ব্যবহার করে সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করে।
এই ঘটনাগুলো এআই এজেন্টের ক্রমবর্ধমান স্বায়ত্তশাসন এবং ইন্টারনেট ও কম্পিউটার ব্যবস্থায় তাদের বাড়তে থাকা প্রবেশাধিকারের বিষয়টি সামনে এনেছে। একই সঙ্গে এ ধরনের ব্যবস্থার জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ইরেগুলারের সঙ্গে সম্পর্কিত এ ধরনের ঘটনার কথা মেটা, অ্যানথ্রপিক এবং ওপেনএআইও প্রকাশ করেছে। মেটা গত আগস্টে জানায়, তাদের ঘটনা কোনো স্যান্ডবক্স স্কেপ বা জটিল সাইবার হামলা ছিল না।
ইরেগুলার জানিয়েছে, এআই সাইবার নিরাপত্তা মূল্যায়নের জন্য তারা নিরাপদ অনুশীলন তৈরি করছে। এদিকে, রয়টার্সের মন্তব্যের অনুরোধে গুগল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইরেগুলারের মুখপাত্র আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমস্যাগুলো জানানোর পর কয়েক সপ্তাহের মধ্যেই তাদের অংশের সব জানা সমস্যা সমাধান করা হয়েছে।
