যশোর শহরের মুড়লী মোড় এলাকায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে প্রায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা হলেন নড়াইলের নড়াগাতী থানার কাটাদুলা এলাকার শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) ও তাদের সাত বছর বয়সি ছেলে মাসুদ। তারা যশোর শহরের মুড়লী মোড় এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে খাবার খেয়ে তিনজন ঘুমিয়ে পড়েন। এরপর কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা বাসায় ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
রোববার সকালে স্থানীয় লোকজন তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে সকাল ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, তিনজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত।
যশোর কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পুরোপুরি জ্ঞান ফেরার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
