মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী রিয়া আক্তারের সন্ধান দেড় মাসেও পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
রিয়া আক্তার স্থানীয় সরকারি বিএম ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি দরগ্রাম এলাকার মো. গোলাম রব্বানীর মেয়ে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৩ আগস্ট সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রিয়া। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়ের সন্ধান না পেয়ে তাঁর বাবা গোলাম রব্বানী সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ দেওয়ার পর দেড় মাস পেরিয়ে গেলেও রিয়ার সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর স্বজনেরা। তাঁরা দ্রুত রিয়াকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) সুলতান মাহমুদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
রিয়াকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ওসি।
