নিউজিল্যান্ডের ডানেডিন ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডানেডিন বাংলাদেশি সোসাইটি ইনকরপোরেটেড। গত ৩১ আগস্ট নিউজিল্যান্ডের ইনকরপোরেটেড সোসাইটিজ রেজিস্টারে সংগঠনটি নিবন্ধিত হয়।
গত ৮ আগস্ট ৫০-এর বেশি মানুষের সমাবেশের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। পরে গত ১২ সেপ্টেম্বর নর্থ ইস্ট ভ্যালি নরমাল স্কুল হলে অনুষ্ঠিত সম্প্রসারিত বার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. শ্যামল দাসকে সভাপতি, অসীম ব্যাপারীকে সহসভাপতি এবং মো. আলতাফ হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সহসভাপতি অসীম ব্যাপারী বলেন, ডানেডিনে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি আনন্দ ও সাফল্যের দিন। তাঁর মতে, সংগঠনটি বাংলাদেশিদের একসঙ্গে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি করেছে।
সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন বলেন, সোসাইটির মাধ্যমে ডানেডিনে বসবাসরত বাংলাদেশিরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পেয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সংগঠনটি বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।
সাধারণ সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
