চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।
নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তিও উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। ফলে শি জিনপিংয়ের সফরে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ানকে নৈশভোজে স্বাগত জানাচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন কয়েকজন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ‘শি জিনপিং, আপনাকে স্বাগত নয়’ এবং ‘হংকংকে মুক্ত করো’—এ ধরনের স্লোগানও ছিল।
এর আগে দিনের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। নৈশভোজের আয়োজনে সামরিক কুচকাওয়াজ ও আকাশে যুদ্ধবিমানের মহড়াও ছিল। পরে শিকে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড দেখানো হয়।
নৈশভোজে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। পরিবেশন করা খাবারের মধ্যে ছিল হলুদ স্কোয়াশের ভেলুতে, সামুদ্রিক মাছের একটি বিশেষ পদ এবং ভ্যানিলা তিলের আবরণে তৈরি সি-বাস। মিষ্টান্ন হিসেবে ছিল ভ্যানিলা ক্রিম দিয়ে তৈরি ডেজার্ট। এছাড়া হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে তৈরি আইসক্রিমও পরিবেশন করা হয়।
নৈশভোজে ট্রাম্প শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ঈগলের আদলে তৈরি একটি বিশেষ মূর্তিও উপহার দেন।
নৈশভোজ শেষে ট্রাম্প অতিথিদের হোয়াইট হাউসে নির্মাণাধীন নতুন বলরুমের স্থান ঘুরে দেখার আমন্ত্রণ জানান। প্রতিবেদনে বলা হয়েছে, বলরুমটির নির্মাণ ব্যয় ৪০ কোটি ডলার। ট্রাম্প জানান, অতিথিদের সম্মানে তারাই সেখানে প্রথম পা রাখবেন।
এরপর ট্রাম্প শি জিনপিংকে নতুন হেলিপ্যাড দেখান এবং নিজের মেরিন ওয়ান হেলিকপ্টারেও তাকে ওঠান। ট্রাম্প পরে বলেন, তাদের বৈঠক খুব ভালো হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার শি জিনপিংয়ের সফর শেষ হওয়ার কথা ছিল। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করার কথা ছিল।
সূত্র: এএফপি
