ফিলিস্তিনের মানুষ নিজেরাই নিজেদের দেশ পরিচালনা করবে বলে জানিয়েছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং এ কথা বলেন।
হান ঝেং বলেন, জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের নিয়ম উপেক্ষা করে একতরফাভাবে কোনো দেশের ওপর হামলা চালানো অন্যায়। বিরোধ মেটাতে আলোচনার পথ অনুসরণ করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, বড় দেশগুলো আন্তর্জাতিক আইন মেনে চললে বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা সম্ভব।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্যে হান ঝেং উপসাগরীয় দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে পণ্যের সরবরাহ চেইন সচল রাখার ওপর গুরুত্ব দেন।
ফিলিস্তিন ও গাজার ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের মানুষ নিজেরাই নিজেদের দেশ পরিচালনা করবে। এই নীতির ভিত্তিতে পশ্চিম তীরের উন্নয়ন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।
হান ঝেংয়ের মতে, ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের পথ হলো যত দ্রুত সম্ভব দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে ফিরে যাওয়া।
বক্তব্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অস্থিরতার বিষয়ও তুলে ধরেন চীনের এই নেতা। তিনি জানান, ইউক্রেনের যুদ্ধ বন্ধে চীন নিজস্ব উদ্যোগে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।
এ ছাড়া কিউবার ওপর থেকে সব ধরনের অন্যায় নিষেধাজ্ঞা ও হুমকি দ্রুত তুলে নেওয়ার দাবিও জানান তিনি।
প্রযুক্তি প্রসঙ্গে হান ঝেং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তির ব্যবহার মানুষের কল্যাণে হওয়া উচিত। একই সঙ্গে ধনী ও দরিদ্রের মধ্যে ডিজিটাল ব্যবধান কমিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি।
