জর্ডানের ভূখণ্ডে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসির কেন্দ্রীয় কমান্ডের প্রকাশিত এক সামরিক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বাহিনীর এরোস্পেস শাখা একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ‘নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা’ পরিচালনা করেছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই হামলায় যুক্তরাষ্ট্রের একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং শেল্টারের ভেতরে অবস্থানরত একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের প্রধান লক্ষ্য ছিল সংশ্লিষ্ট এলাকায় যুক্তরাষ্ট্রের রাডার নজরদারি সক্ষমতা অকার্যকর করা। ইরানি বাহিনীর দাবি, এ হামলার ফলে ওই অঞ্চলে মার্কিন পর্যবেক্ষণ ব্যবস্থা দুর্বল হয়েছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনার পথ সহজ হবে।
তবে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইআরজিসির দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাইও করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই দাবি নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে।
